নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে আসবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শুল্ক হবে শূন্য।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা বলছেন, এআরটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গতিশীল হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতে শুল্ক সুবিধা বাড়ায় রফতানি প্রতিযোগিতা সক্ষমতা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এমআর/আরআর