নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
দেশের বাজারে আবারো বাড়ানো হলো সোনার দাম। তেজাবি সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হচ্ছে। এতে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
একইভাবে ২১ ক্যারেট সোনার দাম গতকাল ছিল ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। আজ তা বেড়ে হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ফলে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৯৯ টাকা।
আর ১৮ ক্যারেট সোনার দাম গতকাল ভরিতে ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা।
এ ছাড়া রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৬৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এফএ