নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম
ভোক্তাদের জন্য সুখবর দিয়েছে সরকার। এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে বাজারে এলপিজির দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার পরিষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে।
শফিকুল আলম জানান, এই সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের ওপর বিদ্যমান করভার কিছুটা হলেও কমবে। এর সরাসরি প্রভাব পড়বে স্থানীয় বাজারে, যেখানে এলপি গ্যাসের দাম ধীরে ধীরে কমে আসবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি স্বস্তির খবর।
জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট ও কর কমানোর ফলে আমদানি ও সরবরাহ ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বাজারে এই সিদ্ধান্তের পূর্ণ প্রভাব দেখতে কিছুটা সময় লাগতে পারে।
এমআর/এএস