নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম
ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো (ডিআইএফএস) ২০২৬– শীতকালীন সংস্করণ এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো- ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক টেক্সটাইল অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর টেক্সটাইল শিল্প উপ-পরিষদ (সিসিপিআইটি-টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। দুই প্রদর্শনী মিলিয়ে ৬৫০টির বেশি বুথে সুতা, ফেব্রিক, ডেনিম ও সংশ্লিষ্ট টেক্সটাইল পণ্যের আধুনিক প্রযুক্তি, নতুন ট্রেন্ড ও উদ্ভাবন প্রদর্শিত হয়, যা দেশি-বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রদর্শনীর প্রথম দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সহযোগিতায় ‘বাংলাদেশে বিনিয়োগ কেন জরুরি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এর সহযোগিতায় ‘বাংলাদেশে মাইস পর্যটনের গুরুত্ব’ শীর্ষক সেমিনারের মাধ্যমে ইভেন্টভিত্তিক পর্যটন খাতে সম্ভাবনা তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে বিনিয়োগ ও মাইস পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি আইসিসিবির রাজদর্শন হলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরুন এন ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন চেন বো, সেক্রেটারি জেনারেল, সিসিপিআইটি-টেক্স চায়না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বস্ত্র অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আরিফুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন এবং বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা।
এমআর/এফএ