images

অর্থনীতি

আগামী ৩ বছরে আর্থিক খাতে এআই ব্যবহার পৌঁছাবে ৮৪ শতাংশে

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

বর্তমানে বিশ্বে প্রায় ৬৩ শতাংশ আর্থিক প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে, যা আগামী তিন বছরের মধ্যে ৮৪ শতাংশে পৌঁছাবে। বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতকে টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করতে উদ্যোক্তা, ব্যবস্থাপক ও তরুণ পেশাজীবীদের এআইভিত্তিক দক্ষতা এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসিতে সমৃদ্ধ হওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নেই। আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা, ঝুঁকি বিশ্লেষণ ও আর্থিক অন্তর্ভুক্তিতে এআই ইতোমধ্যেই বড় ধরনের পরিবর্তন আনছে।

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘এআই ফর ফাইন্যান্স অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন। আলোচক ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. ইমদাদুল ইসলাম এবং সীমান্ত ব্যাংক পিএলসির এসএমই ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার ও হেড অব ফিন্যান্সিয়াল লিটারেসি উইং সঞ্জয় পাল। কর্মশালায় বিসিআইয়ের সদস্যসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এআই এখন শুধু প্রযুক্তি খাতে নয়, বরং আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে। শিল্প ও ব্যবসা খাতকে টেকসই করতে হলে উদ্যোক্তা ও পেশাজীবীদের ডিজিটাল আর্থিক জ্ঞান এবং এআইভিত্তিক দক্ষতায় এগিয়ে যেতে হবে।

বিসিআই সভাপতি বলেন, ফিন্যান্সিয়াল লিটারেসি এখন আর কেবল হিসাব জানার মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ ডিজিটাল লেনদেন, ডেটা বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই এখন মূল বিষয়। 

ড. মো. হেলাল উদ্দিন জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৬৩ শতাংশ প্রতিষ্ঠান এআই ফর ফাইন্যান্স ব্যবহার শুরু করেছে এবং আগামী তিন বছরের মধ্যে এই হার ৮৪ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করা ছাড়া বিকল্প নেই।

কর্মশালার দ্বিতীয় পর্বে মো. ইমদাদুল ইসলাম ও সঞ্জয় পাল দুটি আলাদা সেশনে এআই ফর ফাইন্যান্স এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে আলোচনা করেন। প্রথম সেশনে এআই কীভাবে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে আরও নির্ভুল ও কার্যকর করতে পারে, তা বাস্তব উদাহরণ দিয়ে তুলে ধরা হয়। দ্বিতীয় সেশনে ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসির গুরুত্ব ব্যাখ্যা করে বলা হয়, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্ষুদ্র ও বড় সব ব্যবসায় নিরাপদ ও সচেতন ডিজিটাল আর্থিক জ্ঞান এখন অপরিহার্য।

এমআর/ক.ম