images

রাজনীতি

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি করব না: জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন। মিথ্যা মামলা, জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে এই সময় পার করতে হয়েছে। তবে পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না, এমনকি আমি নিজেও সেই রাজনীতি করব না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগের দ্বাদশ দিনের কার্যক্রম শুরুর আগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে। তাই আমি বিশ্বাস করি, সবার সঙ্গে পরামর্শ করেই এলাকার উন্নয়ন, সেবা ও রাজনীতি পরিচালনা করতে হবে। নির্বাচিত হলে দক্ষিণখান এলাকার দীর্ঘদিনের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় হয়রানি ও জেল-জুলুমের শিকার হলেও এই এলাকার যেকোনো বিপদ-আপদে জনগণের পাশে ছিলাম। করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগেও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছি। গণসংযোগে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

J

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

পথসভায় দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, মহানগর উত্তরের সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিণখান থানা বিএনপির নাজিম উদ্দীন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, এস আই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নম্বর ওয়ার্ডের নেতা আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাঁকন, আনুশা আনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে তিনি দক্ষিণখান এলাকার ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

এএইচ/এফএ