নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহে সর্বোচ্চে উঠেছে। পাশাপাশি রুপার দামও ছুঁয়েছে নতুন রেকর্ড।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা জোরালো হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়ে দেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪,২১০.৯৪ ডলারে, যা ১৩ নভেম্বরের পর সর্বোচ্চ। পুরো সপ্তাহে ধাতুটি ৩.৬ শতাংশ বৃদ্ধি এবং মাসজুড়ে ৫.২ শতাংশ বেড়ে টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,২৫৪.৯ ডলারে স্থির হয়েছে।
এদিকে রুপা আউন্সপ্রতি ৫৬.৭৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড ছুঁয়েছে। দিনে দাম বেড়েছে ৬.১ শতাংশ এবং পুরো মাসে বেড়েছে ১৬.৬ শতাংশ।
ডলার দুর্বল হওয়া ও সম্ভাব্য সুদ কমানোর জল্পনায় মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক আবারও বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এএইচ