জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তারাও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন। তবে এ জন্য প্রথম শ্রেণি বা সমমান এবং তদুর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের এমডি হতে ২০ বছরের অভিজ্ঞতা হলেই চলবে।
উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একক বা উভয়ভাবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই নিয়মের কারণে পতিত সরকারের সুবিধা ভোগীরাই লাভবান হবে বলে মনে করছেন কর্মকর্তারা। দীর্ঘদিন পদন্নোতি না পাওয়া কর্মকর্তা বঞ্চিত হবেন। ফলে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন সার্কুলারে এমডি নিয়োগের বিষয়ে গতবছরের একটি সার্কুলারে কিছু সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্য উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একক বা উভয়ভাবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমান এবং তদুর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতাসহ জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
বিগত সরকারের সময়ে কারও ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকলেই এমডি হতে পারতেন। তবে ৫ আগস্টের পর এমডি হতে অন্তত ২০ বছরের শর্ত দেওয়া হয়। এবার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এমডি হওয়ার সুযোগ দেওয়া হলো।
ব্যাংকিং খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে আনতেই এই বিধান করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। পাশাপাশি এমডির আগের পদে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে ৩ বছর চাকরির শর্ত দেওয়া হয়েছে। আগে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল।
টিএই/এআর