images

অর্থনীতি

ইউনিট প্রতি ১৩ টাকা বাড়ল সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

এক লাফে ইউনিট প্রতি ১৩ টাকা বাড়ানো হলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। অর্থাৎ, ১৬ টাকা থেকে বাড়িয়ে প্রতি ইউনিট গ্যাসের দাম ২৯.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা এবং গ্যাসের বিতরণ কোম্পানিগুলো। 

সেসময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।’

ওই গণশুনানির দেড় মাস পর অবশেষে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের প্রতি ইউনিটের দাম ২৯.২৫ টাকা নির্ধারণের কথা জানানো হলো।

এএইচ