নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
রিয়েল এস্টেট ডেভেলপারদের মাধ্যমে সাফ কবলা দলিলমূলে বিক্রি ও হস্তান্তর হওয়া ভূমি কিংবা ফ্ল্যাট পরবর্তীতে পুনঃবিক্রয় বা নামজারি করতে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (১২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেভেলপার কোম্পানিগুলোর অনেকেই ভূমি ও ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তর বা পুনঃনামজারির সময় ‘বিক্রয় অনুমোদন’ বা অনুরূপ নামে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে—যা সম্পূর্ণ আইন বহির্ভূত। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এসব অর্থ গ্রহণ বেআইনি।

সরকারের জারি করা নতুন নির্দেশে বলা হয়েছে—কোনো ডেভেলপার সংস্থা ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী বিক্রয়, হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএইচ/এআর