নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
রাজধানীর বিভিন্ন খোলা বাজারে সবজির দামের পাশাপাশি শাকেও বাড়তি দাম দেখা গেছে। ব্যবসায়ীরা নানা যুক্তি দিলেও ভোক্তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী যাত্রাবাড়ীসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কুমড়া শাকের আঁটি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পুঁইশাক ৩০ থেকে ৪০ টাকায়, কচুশাক ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। পালং শাকের দাম তুলনামূলক কম হলেও সেটিও ৩০ টাকা।
তবে কিছু স্থানীয় শাকপাতার দাম তুলনামূলক স্বস্তিদায়ক। মুলা শাক ১৫ টাকা, শাপলা ফুল ১০ টাকা, লালশাক ২০ টাকা, পাটশাক ২০ টাকা ও কলমি শাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তাদের অভিযোগ, বাজারে শাকপাতা প্রচুর থাকলেও দাম কমছে না। খুচরা বাজারে শাকের আঁটি কিনতে এখন গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। পাইকারি বাজার থেকে খুচরা দোকানদার পর্যন্ত সবাই অতিরিক্ত লাভের আশায় দাম বাড়াচ্ছেন।
ভোক্তাদের অভিযোগ, মৌসুমি শাকপাতার সরবরাহ পর্যাপ্ত থাকলেও পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই সবজির দাম বেশি আসছে, ফলে খুচরা বাজারে স্বাভাবিকভাবেই দাম চড়া হচ্ছে।
এ অবস্থায় ক্রেতারা বলছেন, সরকারের বাজার মনিটরিং না বাড়ালে শাক-সবজির দাম আরেক দফা বেড়ে যেতে পারে।
এমআর/জেবি