Dhaka Mail Logo

অর্থনীতি

ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ইএসজি বুটক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম

বাংলাদেশে করপোরেট খাতে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) ভিত্তিক রূপান্তরের উদ্দেশে রাজধানী ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী “ইএসজি বুটক্যাম্প ২০২৫”।

‘ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ’-এর আয়োজনে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ-এর অংশীদারিত্বে এই আয়োজনে অংশ নেন দেশের শতাধিক করপোরেট নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন সি-স্যুট এক্সিকিউটিভস, সিনিয়র ডিরেক্টরস ও ডিপার্টমেন্ট হেডস।

উদ্বোধনী বক্তব্যে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাদমান সাকিব আনিক বলেন, “বাংলাদেশের করপোরেট রূপান্তরে টেকসই ও দায়িত্বশীল ব্যবস্থাপনা অপরিহার্য।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বকর।

বিশ্বব্যাপী ইএসজি নেতৃত্বে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে ইএসজি ইনস্টিটিউট সিঙ্গাপুর-এর চেয়ারপার্সন জোয়ান ফ্লিন বলেন, “তরুণ জনগোষ্ঠী এবং প্রাইভেট সেক্টরের শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ এশিয়ায় নেতৃত্ব দিতে সক্ষম।”

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বলেন, “ইএসজি-কে কেন্দ্র করে এমন আয়োজন বাংলাদেশে এক নতুন ধারা তৈরি করেছে। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করলে আমরা আরও দায়িত্বশীল ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস।”

বুটক্যাম্পে এফএমসিজি, আরএমজি, ম্যানুফ্যাকচার, ব্যাংক ও আর্থিক খাত, জ্বালানি, অবকাঠামো ও ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আলাদা আলাদা সেশন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এসব আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীদের ইএসজি বাস্তবায়নের বিভিন্ন কৌশল শেখানো ও দিকনির্দেশনা দেওয়া হয়।  

শনিবার (২৬ জুলাই) এক গালা ইভেন্টের মধ্য দিয়ে ইএসজি বুটক্যাম্প ২০২৫ সমাপ্ত হয়, যেখানে সমাপনী বক্তব্য রেখেছেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাদিয়া সামিরা।

গালার অনুষ্ঠানে, ইএসজি ইনস্টিটিউট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স (NSU SBE) এর যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম "ইএসজি কেসবুক" এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়। এই কেসবুকে বুটক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেরা টেকসই ব্যবসায়িক চর্চা এবং কেস স্টাডি শেয়ার করেছেন, যা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সেরা টেকসই অনুশীলন হিসেবে প্রকাশ ও প্রচার করা হবে।

গালায় আয়োজকরা " ইএসজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস"-এর ঘোষণা দেওয়া হয়, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা অনুশীলনে অসাধারণ অগ্রগতি সাধনকারী প্রতিষ্ঠানদের সম্মাননা প্রদান করবে। অনুষ্ঠানে আরও ছিল একটি আকর্ষণীয় ফায়ারসাইড চ্যাট এবং প্যানেল সেশন, যেখানে অংশগ্রহণ করবেন ডেনমার্ক দূতাবাস, শান্তা হোল্ডিংস, গ্রামীণ ডানোন, এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ।

এই বুটক্যাম্প বাংলাদেশের কর্পোরেট সেক্টরের ইএসজি’র জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। সবুজ, দায়িত্বশীল ও বৈশ্বিক টেকসই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ যে এগিয়ে চলছে, এই আয়োজন সেই যাত্রার একটি উজ্জ্বল প্রমাণ।

/ইএ