নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পিএম
ভোজ্য তেলের আমদানিতে ৫ শতাংশ শুল্ক ও উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির প্রস্তাব দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রস্তাবের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব দেন।
গত ১৮ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয় করা হয়েছিল। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ১৪.৮% এবং আরবিডি পাম তেলের দাম ১৮.৬৮% বৃদ্ধি পেয়েছে।
এখন স্থানীয় দামের ওপর প্রভাব না ফেলে আমদানি পর্যায়ের শুল্ক কমানোর এবং সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই শুল্ক অব্যাহতির ফলে ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এইউ