নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম
দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তি যেন কাটছেই না। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনসহ নানা উদ্যোগের মধ্যেও দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। বাজারে মুরগির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তবে দাম বেড়েছে ইলিশসহ প্রায় সব ধরনের মাছের দাম।
শুক্রবার (১১ অক্টোবর) মগবাজার-মালিবাগ এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
মগবাজারের চারুলতা মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের মাছের দাম প্রতি কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশে বেড়েছে দুই থেকে তিনশ টাকা পর্যন্ত। গত সপ্তাহে বিক্রি হওয়া ১৭০০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। আর বড় আকারের ইলিশ ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে পাঙাস মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়, মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, চাষের কৈ ৩০০ থেকে ৩৫০, বিভিন্ন ধরনের কার্প মাছ ৩৬০ থেকে ৩৮০, চাষের শিং ৪০০, পোয়া মাছ ৫০০ত থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসময় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। আর সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়।
এদিকে বাজার দর নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন ক্রেতারা। এনামুল ইসলাম নামে এক ক্রেতা ঢাকা মেইলকে বলেন, এটা মাসের দ্বিতীয় সপ্তাহ। অথচ এখনই পকেটে টান পড়ছে, পুরো মাস চলবে কীভাবে। মুরগির দাম বাড়ার পর আর কমেনি। এই সপ্তাহে মাছের দাম অনেক বেড়েছে।
আহমেদ হোসেন নামে অপর এক ক্রেতা বলেন, মাছের দাম অনেক বেড়ে গেছে। মুরগির দাম বেশি, শাক-সবজির দামও যে কম তা বলা যাবে না। ডিম নিয়ে তো রীতিমতো তুঘলকি কান্ড চলছে। সরকারের এসব দিকে আরও গুরুত্বের সাথে নজর দেওয়া উচিৎ।
এমএইচ/এমএইচটি