images

অর্থনীতি

সুপার শপগুলো থেকেও সয়াবিন তেল উধাও

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২২, ০৬:১১ পিএম

বাজারে তীব্র সংকটের পর লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৯৮ টাকা। দাম বাড়লেও এখনো বাজারে দেখা মেলেনি সয়াবিন তেলের। পাড়া-মহল্লার দোকানে তেল কোম্পানিগুলোর প্রতিনিধিরা এলেও তারা তেলের অর্ডার নিচ্ছেন না। এছাড়া সুপার শপগুলোতেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় এই পণ্যটি।

শনিবার (৭ মে) রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও সুপার শপ ঘুরে এমন চিত্র উঠে এসেছে।

সুপারশপ মিনা বাজারের কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করে তেলের বিষয়ে জানতে চাইলে সেখান থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির কোনো শাখাতেই সয়াবিন তেল নেই।

মিনা বাজারের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সাকিব বলেন, ‘আমাদের কোনো আউটলেটেই সয়াবিন তেল নেই। আজ তেল আসারও কোনো সম্ভবনা নেই।’

সুপার শপ প্রিন্স বাজার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চারটি শাখার কোথাও সয়াবিন তেল নেই। চাঁদ রাতের আগেই প্রতিষ্ঠানটির কাছে থাকা সকল তেল বিক্রি হয়ে গেছে। এরপর আর তেল কোম্পানির থেকে তেল পায়নি প্রতিষ্ঠানটি।

স্বপ্ন সুপার শপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আরমান বলেন, ‘দুঃখিত, আমার কোনো শাখাতেই সয়াবিন তেল নেই। স্টক আউট দেখাচ্ছে।’

মধ্য বাড্ডার আম্মাজান জেনারেল স্টোরের দোকানি ছগির আহম্মেদ ঢাকা মেইলকে বলেন, ‘এখনো তেল আসে নাই। কাল আসতে পারে। কাস্টমার একটু পর পর আসে তেলের জন্য। বিরক্ত হয়ে গেছি।’

এদিকে পাড়া-মহল্লার দোকানগুলোতেও তেলের সংকট কাটছে না। কোনো দোকানেই মিলছে না তেল। দোকানে বিভিন্ন তেল বিপণন কোম্পানির প্রতিনিধিরা অন্যান্য পণ্যের অর্ডার নিলেও তেলের অর্ডার নেননি।

মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার মুদি ব্যবসায়ী ফরহাদ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘সকাল থেকে তীর এবং রূপচাঁদার লোক এসেছিল। কিন্তু তারা তেলের অর্ডার নেয়নি। ডিলার পয়েন্টে নাকি তেল নাই। এখনো তাদের কাছে তেল আসেনি। তেল আসলে তারপর অর্ডার নিবে।’

মোহাম্মদপুর ছাড়াও রাজধানীর কামরাঙ্গীরচর, হাজারীবাগ, রায়েরবাগ, যাত্রাবাড়ী, রামপুরা, শান্তিবাগ, মগবাজারসহ বিভিন্ন এলাকা থেকে একই তথ্য মিলেছে। এসব এলাকায় কোনো দোকানে সয়াবিন তেল পাওয়া যায়নি। কালকের মধ্যে তেলের সংকট কেটে যাবে বলে বিক্রেতারা আশা করছেন।

কারই/এমআর