Dhaka Mail Logo

অর্থনীতি

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে শুক্রবারের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। যা শুক্রবারের মধ্যে বাংলাদেশের রিজার্ভে যোগ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

মেজবাউল হক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বৈঠকে অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার। শুক্রবার বা শুক্রবারের মধ্যে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার আমাদের অ্যাকাউন্টে (হিসাব) যোগ হতে পারে। 

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে ১.৩১ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। 

আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুনভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। 

বাংলাদেশের পক্ষ থেকে মিশনকে জানানো হয়, অন্যান্য শর্তের ক্ষেত্রে অগ্রগতি হলেও বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে রিজার্ভ এবং রাজস্ব আয় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। দেশের জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে জোরালো উদ্যোগ নেওয়া হবে। মিশনটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দফতরের সঙ্গে টানা ১৬দিন বৈঠক করে।

টিএই/এমএইচএম