images

সারাদেশ

বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনাসহ আটক ২৩

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৩, ০৯:২৯ পিএম

অবৈধভাবে ধরা বিপুল পরিমাণ চিংড়ি রেণু পোনাসহ ২৩ জনকে আটক করেছে মোংলা কোষ্টগার্ডের পশ্চিম জোন।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ.এম.এম হারুন অর রশীদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কোটি ৫০ লাখ রেণু পোনা, দু’টি ট্রাক ও ৫টি মোটরসাইকেল জব্দ করেছে কোস্টগার্ডের পশ্চিম জোন।

আটক ব্যক্তিরা সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুরের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, অবৈধভাবে মৎস্য আহরণ বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন দু’টি ট্রাক ও ৫টি মোটরসাইকেল তল্লাশি করে ৩ কোটি ৫০ লাখ চিংড়ির রেনুপোনা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ট্রাকচালকসহ ২৩ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা রেনুপোনা সকাল পৌনে ৯টায় রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ২৩ জনকে মুচলেকা নিয়ে ট্রাক, মোটরসাইকেলসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস