images

সারাদেশ

কুষ্টিয়ায় দুই মাদক কারবারির ১২ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৩, ১০:২১ পিএম

জেলার দৌলতপুর থানার একটি মাদকের মামলায় রাসেল সরদার (৩২) ও রুবেল প্রামানিক (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত দুইজনই কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর দৌলতপুরের ভারতীয় সিমান্তবর্তী এলাকা ধর্মদহ থেকে একটি পিকআপ ভ্যান কচির মোড়ের দিকে যাওয়ার সময় তল্লাশি চালায় দৌলতপুর থানা পুলিশ। এসময় গাড়ির মধ্যে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১৪৬ বোতল আমদানি করা নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ। সেই সঙ্গে গাড়ির চালক রাসেল এবং চালকের সহকারী রুবেলকে আটক করে পুলিশ। পরে দৌলতপুর থানার উপ-পরিদর্শক রাজীব রায়হান বাদী হয়ে রাসেল এবং রুবেলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় ঘোষণা করা হয়।

প্রতিনিধি/এসএস