জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৩, ০৮:৩৯ পিএম
১৯৮৯ সালে লংগদু গণহত্যার প্রতিবাদে ঢাকায় আন্দোলনের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জন্ম হয়েছিল বলে জানিয়েছেন পরিষদের (লারমা) কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট।
শুক্রবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার এলাকায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
আগামীকাল শনিবার (২০ মে) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সুজন চাকমা ঝিমিট বলেন, রাঙামাটিতে ৪ মে, ১৯৮৯ সালে লংগদু গণহত্যার প্রতিবাদে ঢাকায় আন্দোলনের মধ্যদিয়ে ২০ মে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জন্ম হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে পাহাড়ি ছাত্র পরিষদ। শুধু তাই নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জুম্ম জাতির মনের ভাষাকে বাস্তবে রূপান্তরিত করতে কাজ করতে পাহাড়ি ছাত্র পরিষদ সোচ্চার আছে।
সমাবেশে অন্যদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা, সহ-সভাপতি জগদীশ চাকমা, সাধারণ সম্পাদক প্রতীভাষ চাকমা, সংগঠনের জেলা কমিটির সভাপতি মৃনাল চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে পিসিপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিটের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুর এলাকা থেকে ছাত্র ও গণ সমাবেশের প্রচারণা মিছিল বের করে সংগঠনটি।
মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে চেঙ্গী স্কয়ার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সময় সংগঠনের নেতাকর্মীদের হাতে উন্নয়নের নামে পাহাড়ে ভূমি বেদখল বন্ধ করাসহ অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি কমিশন আইন দ্রুত কার্যকর, জুম্ম জনগণের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা, পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড-ব্যানার শোভা পায়।
প্রতিনিধি/আইএইচ