images

সারাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৩, ০৬:৩৬ এএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম গুতসান ভ্যালোরী (৬৯)। রোববার (১৪ মে) দুপুরের দিকে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।

গুতসান ভ্যালোরি পারমাণবিক প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি ‘নিকিমথ’ প্রতিষ্ঠানে ইন্স্টলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে তিনি থাকতেন।

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, গত বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রোববার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীর সিডিএম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এইচই