images

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৩, ০৪:১২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাইদের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই নজরুলের দুই ভাই পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বছিরের চার ছেলের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। একটি আম গাছ কাটা নিয়ে বৃহস্পতিবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর নজরুল ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। পরে সেখানে ঢুকে তার বড় ভাই জাহাঙ্গীর আলম লিটন ও শামসুল আলম শাহীন নামাজরত নজরুলকে পেছন থেকে কুপিয়ে জখম করেন। এ সময় মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদের ইমাম মো. শামিম মিয়া বলেন, ‘মসজিদে পাঁচজন মুসল্লি ফজরের নামাজ আদায় করছিলাম। ফরজ নামাজের প্রথম রাকাআতের পর রুকুতে যেতেই লিটন ও শাহীন এসে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমরা কয়েকজন বাধা দিতে গেলে তারা আমাদের আঘাত করে পালিয়ে যায়।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/একেবি