জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ০৯:০০ এএম
জামালপুরে মেলান্দহে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ভোর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের (মালঞ্চ) বেতমারী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর শহরের বিয়ারা পলাশঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭) এবং পিকআপ চালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫) । সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ জানায়, উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকার ভোর সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাক ও জামালপুর শহরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা তিনজন মারা যান। রাত তিনটার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে সকাল ছয়টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিস যাচ্ছিলেন তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রাক ও পিকআপে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
প্রতিনিধি/এমআর