Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়ায় শালিসি বৈঠকে ইউপি সদস্যকে মারপিট

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামে চুরির ঘটনায় শালিসি বৈঠকের রায়কে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ সদস্য সদস্য আবুল কালাম আজাদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার ওই ঘটনায় সেদিন রাতে আউয়াল (৪০), সেলিম (৩৮), আলী (৩৪), খাদেমুল (৩৬), বিপু (৩০), সাগপ (৩৪) ও সনেটের (২৮) বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের ইবতেদায়ি মাদরাসার ফ্যান ও টিউবওয়েল রমজান মাসের আগে কিশোর গ্যাংয়ের সদস্য আকাশ, হাসান, নাসিম, নাঈম ও রাজু চুরি করে। বিষয়টি জানাজানি হলে ৭ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঈদগাহ মাঠের কাছে খোকার চায়ের দোকানে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে ওই কিশোররা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের অভিভাবকদের শাসন করার জন্য বলা হয়। শাসনের নামে মারপিট অতিরিক্ত হলে ইউপি সদস্য আবুল কালাম আজাদ মারধর করতে নিষেধ করেন এবং তাদের থানায় সোপর্দ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা তাকে বেদম মারপিট করেন। এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ইউপি সদস্য আবুল কালাম আজাদ বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আবুল কালাম আজাদ বলেন, গত নির্বাচনে আব্দুল মান্নান আমার কাছে হেরে যাওয়ায় তার গ্রুপের লোকজন আমাকে পরিকল্পিতভাবে মারধর করেছে। এর আগেও এই গ্রুপের লোকজন আমার এক কর্মীকে মারধর করেছিল।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি