images

সারাদেশ

অবৈধ প্রবেশপত্রে পুলিশের পরীক্ষা দিতে এসে কারাগারে যুবক

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম

নীলফামারীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী সাহাদাত হোসেনকে (২০) কারাগারে পাঠিয়েছেন। শনিবার (৪ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দুপুর ৩ টার দিকে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণদের কাগজপত্র যাচাই বাচাই করার সময় তার অবৈধ প্রবেশপত্র ধরা পড়ে।

ডিমলা উপজেলার মধ্য ছাতনাই এলাকার মো. হারুন অর রশিদের ছেলে সাহাদাত হোসেন ।

মামলার বিবরণে জানা যায়, গত ২ মার্চ  হতে ৪ মার্চ পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগের জন্য বিভিন্ন ইভেন্টে পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালে  পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাচাইয়ের সময় পরীক্ষার্থী সাহাদাত হোসেন চলতি বছরের টিআরসি পরীক্ষার প্রবেশপত্র  না এনে ২০২২ সালের টিআরসি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করে। সেই প্রবেশপত্রের সিরিয়াল নম্বরের জায়গায় ফেব্রুয়ারি/২২ সালের অকৃতকার্য এক জন পরীক্ষার্থী স্বাধীন রায়কে পাশ করানোর জন্য আরও কয়েকজনের সহযোগীতায় তার ২০২৩ সালের প্রবেশপত্রের সিরিয়াল নাম্বার কৌশলে সন্নিবেশিত করে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উর্ত্তীণ হন। 

পরে উত্তীর্ণদের কাগজপত্র যাচাই বাচাইয়ের সময় তার অবৈধ প্রবেশপত্র ধরা পড়ে যায়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে সকল কাগজ-পত্র অবৈধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম বলেন, তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরী পাওয়ার সম্ভাবনা নেই। চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ওই ব্যক্তি অসৎ পথ অবলম্বণ করে অন্য জনকে পাশ করানোর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকল কাগজ পত্র যাচাই বাচাই করে অবৈধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসাথে অজ্ঞাত আরো কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/একেবি