জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ০৪:৪৪ পিএম
শেরপুরে আগুন লেগে আব্দুস সালাম নামের এক কৃষকের বসতঘর, গোয়ালঘর ও ৮টি গরু পুড়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকার ওই বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে কৃষক আব্দুস সালামের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুস সালামের বসতঘর, তার দুই ছেলে বাবুল মিয়া ও বায়েজিদ মিয়ার বসতঘর ও গোয়ালঘরে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই এলাকায় প্রশিক্ষণরত সেনা সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৩টি বসতঘরের যাবতীয় মালামাল, নগদ ৮০ হাজার টাকা ও গোয়ালঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা যায়। আগুনে দগ্ধ হয় আরও ৫টি গরু।
ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম বলেন, বিক্রির জন্য ঘরে থাকা প্রায় ১০ মণ শুকনা মরিচ, ধান, চাল, নগদ ৮০ হাজার টাকাসহ সব পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কোনো মালামাল ঘর থেকে বের করতে পারিনি। যে গরুগুলো বেঁচে আছে সেগুলোর অবস্থাও আশঙ্কাজনক।
তিনি বলেন, আগুন আমার সব কাইড়া নিছে। এখন সরকারের সহযোগিতা ছাড়া আমার আর বাঁচার উপায় নাই।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মো. তারেক পাটোয়ারী গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে প্রায় ৬-৭ লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ঢাকা মেইলকে জানান, খবর পেয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এএ