জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ এএম
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমারা পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এতে করে তোমাদের মেধার বিকাশ ঘটবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহ জালাল ও নারকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুর রহমান টুকু।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্য এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।
ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে আজান, কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনা ও ইসলামী জ্ঞানসহ ৭টি বিষয়ে ২০টি গ্ৰুপে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিনিধি/এসএস