জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৫ এএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪ লাখ টাকা মূল্যের নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে প্রশাসন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রোয়াইল বাড়ি বাজারের দুটি ঘরে অভিযান পরিচালনা করে এসব কীটনাশক উদ্ধার করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১ দিকে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়া নামে এক ব্যক্তির ঘর থেকে ৩০ কার্টুন নকল বাসুডিন বিক্রির উদ্দেশে পাশের মদন উপজেলায় নিয়ে যাওয়ার পথে কেন্দুয়া-মদন সড়কের জামতলা এলাকা থেকে আটক করেন স্থানীয় সোহেল ভূইয়া নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ী। পরে সেগুলো কৃষি অফিসে নিয়ে যান তিনি।
পরে এরই সূত্র ধরে বিকেলে রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়ার ঘরসহ দুটি ঘরে ইউএনওর উপস্থিতিতে অভিযান চালালে সেখান থেকে আরও ১৮২ কার্টুন (প্রতি কার্টুনে ১ কেজি ওজনের ১০টি করে প্যাকেট) নকল বাসুডিন ও ২২ কার্টুন (প্রতি কার্টুনে ১০ গ্রাম ওজনের ১০০টি করে প্যাকেট) মেয়াদোত্তীর্ণ ল্যান্ডজুয়েট কীটনাশক উদ্ধার করা হয়।
সোহেল ভূইয়া জানান, রোয়াইল বাজারের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রতন মিয়ার ঘর থেকে ৩০টি কার্টুন (৩০০ প্যাকেট) নকল বাসুডিন কীটনাশক অটোরিকশা দিয়ে মদন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে আমরা অটোরিকশাটির পিছু নেই এবং এক পর্যায়ে আটক করে কৃষি অফিসে নিয়ে যাই।

তিনি আরও বলেন, রতন মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ পাশের উপজেলাগুলোতে নকল বাসুডিনসহ এসব কীটনাশক বিক্রি করত। আমরা এই অন্যায় কাজের কঠোর বিচার চাই।
রতন মিয়া বলেন, শুধু আমি না, সহিলাটির সোহেল, পেচুন্দুরের আকাঈদ, নীলাম্বরখিলার আনোয়ারসহ অন্তত ১৫ জন বাসুডিন বিক্রি করে। তারা ষড়যন্ত্র করে আমার কীটনাশকগুলো ধরিয়ে দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে।
স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওহিদুজ্জামান বাদল বলেন, ধানী জমিতে পোকা দমনের জন্য এক সময় বাসুডিন (ডায়াজিনন) নামে একটি কীটনাশক প্রোডাক্ট বাজারে ছিল। কিন্তু প্রায় ১০ বছর আগে এই পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, এক সময় সিনজেন্টা কোম্পানির বাসুডিন কীটনাশক বাজারে খুব জনপ্রিয় ছিল। কিন্তু অনেক আগেই সরকার এটি নিষিদ্ধ করে দেয়। উদ্ধার করা কীটনাশকগুলো নকল প্রোডাক্ট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, উদ্ধার করা এসব নকল কীটনাশকের মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।
প্রতিনিধি/এসএস