images

সারাদেশ

ফরিদপুর ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু 

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর ভাঙ্গা রেললাইনের উপজেলার ডাংগি ইউনিয়নের বাসাগাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মিম আক্তার (৭)। সে শ্রীঙাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও বাশাগাড়ী গ্রামের উজ্জ্বল শিকদারের মেয়ে। মিম আক্তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম নিজ বাড়ী থেকে রেল লাইনে পাশ দিয়ে পায়ে হেটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সিড়িতে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। 

মিমের বাবা উজ্জল শিকদার বলেন, আমার মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। রেল লাইনের পাশ দিয়ে হেটে স্কুলে যাচ্ছিল। ট্রেনের হর্ণ শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি যেহেতু রেলের তাই এ ঘটনার সকল প্রক্রিয়া রেল পুলিশের।

বাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

প্রতিনিধি/ এজে