images

সারাদেশ

১৫ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ কলেজছাত্র শাকিলের

জেলা প্রতিনিধি

২২ মার্চ ২০২২, ১১:০৮ এএম

ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাউঝা মধ্যপাড়া এলাকার নিখোঁজ কলেজছাত্র শাকিল হোসাইনের ১৫ দিনেও খোঁজ মেলেনি। নিখোঁজ কলেজছাত্রকে না পেয়ে তার পরিবারে বিরাজ করছে হতাশা। সন্তানের পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনছেন মা। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এর আগে গত ৭ মার্চ সন্ধ্যায় শাকিল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে অভিযোগ তার পরিবারের।

নিখোঁজ মো. শাকিল হোসাইন সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট বাণিজ্য শাখায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাউঝা মধ্যপাড়া এলাকায়। বাবার নাম আব্দুর রশিদ।

এ ব্যপারে শাকিলের বড় ভাই শাহরিয়ার সাদমান রুবেল ঢাকা মেইলকে জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় বাসায় পড়ার লুঙ্গি আর গেঞ্জি পরিহিত অবস্থায় এক বই হাতে নিয়ে শাকিল বাসা থেকে বের হয়ে যায়। এসময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও রেখে যায়। এরপর থেকেই সে নিখোঁজ।

তিনি বলেন, ‘শাকিলের বাউল গানের প্রতি অনেক ঝোঁক ছিলো তাই গান শুনতে প্রায়শই রাতে গানের আসরে যেতো সে। এবং পরদিন সকালে বাড়ি ফিরে আসতো। তাই সেদিন রাতে আমার পরিবার ব্যাপারটিকে তেমন গুরুত্ব দেয় নি। তবে পরের দিন (৮ মার্চ) সারাদিনে সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজা শুরু করি। কিন্তু সকল আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে ফেসবুকে তার ছবিসহ একটি পোস্ট দেই। পরে সেখান থেকে আমার নম্বরে ফোন দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি জানায় আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লায় একটি সড়কের পাশ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আমি যেন টাকা পাঠাই। কিন্তু আমি ভিডিও কলে আমার ভাইকে দেখতে চাইলে সেই ব্যক্তি ফোন কেটে তার নম্বরটি বন্ধ করে দেয়। তার পরদিন (৯ মার্চ) ধামরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। তবে নিখোঁজ ডায়েরির ১৪ দিন অতিবাহিত হলেও এখনো আমার ভাইয়ের কোনো সন্ধান বের করতে পারেনি পুলিশ এবং সে ব্যাপারে তেমন কোনো তৎপরতাও নেই।’

এ ব্যাপারে শাকিলের সহপাঠী ইকরামুল আহসান তামজীদ জানান, ৮ মার্চ তাদের কলেজের বার্ষিক শিক্ষা সফর ছিলো। শাকিল সেই শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলো এবং সেখানে অনুষ্ঠিত র‍্যাফেল ড্রয়ের বেশকিছু কুপনও কিনেছিলো। কিন্তু পরদিন তাকে পিকনিকের বাসে দেখতে না পেয়ে তার সহপাঠীরা তার খোঁজ করতে থাকেন। পরে শিক্ষা সফর থেকে ফিরে পরদিন তারা শাকিলের বাড়িতে গিয়ে জানতে পারে শাকিল নিখোঁজ।

এদিকে, সন্তান হারিয়ে শাকিলের মা শোকে পাগল প্রায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি দ্রুত সন্তানকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। এ ব্যাপারে পুলিশের আরও জোড়ালো ভূমিকা পালনের আহবান জানান তিনি।

এসআই মনিরুজ্জামান জানান, নিখোঁজ কলেজছাত্র শাকিলের ভাই এব্যাপারে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। শাকিলের সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

 

টিবি