জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৩ পিএম
বান্দরবানের থানচিতে র্যাবের হাতে গ্রেফতার ২০ জঙ্গি ও কেএনএফ সদস্যের মধ্যে ১৯ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জুডিসিয়াল আমলি আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য মো. আস সামী রহমান সাদ, সোহেল মোল্লা, মো. আল আমিন ফকির, মো. জহিরুল ইসলাম, রিয়াজ শেখ জায়েদ, মো. ওবায়দুল্লাহ, জুয়েল মাহমুদ মাহমুদ, মো. ইলিয়াস রহমান, মো. হাবিবুর রহমান মোড়া, মো. সাখাওয়াত হোসেইন , মো. আব্দুস সালাম রাকি, যোবায়ের আহম্মেদ আইমান, মো. শামীম হোসেন, আবু হুরাইরা রাফি, তাওয়াবুর রহমান সোহান মিন্ট, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আবু হুরাইরা এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সদস্য লাল মুল সিয়াম বম, মালসম পাংকুয়া ও ফ্ল্যাগ ক্রস থাং বম।
আরেক জঙ্গি সদস্য মো. মিরাজ শিকদার অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি।
আদালত সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি থানচির রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও সশস্ত্র সংঘটন কেএনএফের অবস্থান সম্পর্কে জেনে অভিযান চালায় র্যাব। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন ও কেএনএফের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ১৮০ রাউন্ড কার্তুজ ও নগদ ৭ লাখ টাকা জব্দ করা হয়। ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।পরে আজ ১৯ ফেব্রুয়ারি সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহ মামলায় ১৬ জঙ্গি ও ৩ কেএনএফ সদস্যেকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উক্ত ১৯ জনের প্রত্যেকেই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রতিনিধি/একেবি