জেলা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৩ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাম পদবি ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ইউএনও বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও আইডিতে একটি গণবিজ্ঞপ্তি পোস্ট করেছেন তিনি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তার নাম ও পদবী ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর কল করে ইটভাটা, শীতবস্ত্র ক্রয়ের জন্য বা অন্য দাতব্য কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। ইউএন ‘র পক্ষ থেকে যে কোন সেবা গ্রহণের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এ কার্যালয় হতে যেসব সেবা দেওয়া হয়ে থাকে তা সিটিজেন চার্টারে রয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের প্রতারক ইউএনও-র নাম ও পদবী ব্যবহার করে ইমেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টসহ সকলকে অনুরোধ জানান।
এছাড়াও কেউ কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে প্রতারকের ফোন নম্বরসহ নিকটস্থ থানায় যোগাযোগের জন্য এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বলা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসা বিপুল কুমার জানান, আমরা এ ধরনের একটি খবর পেয়েছি। তাই আগেই সকলকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে। তাই সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করছি এবং টাকা চাওয়ার কোনো ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে বা থানায় জানানোর কথা বলেন তিনি।
প্রতিনিধি/এইচই