জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ০৯:৪২ পিএম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে শাহেদা (৩৫) নামের ওই নারী ট্রাভেল ব্যাগ ভর্তি পেলটকস-২ ও পেনটিড মেগাপিলের তিনশ’ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ব্যাগ খুলে ইনজেকশন দেখতে পায়। পরে ওই নারীকে আটক করে হাসপাতাল ক্যাম্পাসের ভিতর পুলিশ বক্সে সোপর্দ করে।
ঔষধসহ আটক নারী শাহেদা বলেন, হাসপাতালের একজন আয়া আমাকে এ ব্যাগটি দিয়ে বাড়ি নিয়ে যেতে বলে। আমি ব্যাগটি নিয়ে হাসপাতালের বাইরে আসলে লোকজন আটক করে।
আটক শাহেদা সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজল উদ্দিনের স্ত্রী বলে জানায় পুলিশ।
জেনারেল হাসপাতালের স্টোর কিপার মমিনুল ইসলাম বলেন, ‘এব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এ বিষয়ে তত্বাবধায়ক স্যারের সাথে কথা বলেন।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ঔষধসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ্ লিংকন জানান, কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকারকে বাদী করে ওই নারীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এইচই