জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১০:১২ পিএম
সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি উৎসব হচ্ছে সোহরাই উৎসব। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল সাঁওতাল পল্লীর মাঠে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সোহরাই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পল্লী হতে চারটি আদিবাসী নৃত্য দলের অংশগ্রহণে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির গান ও নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাক-মাদলের তালে নিজস্ব সংস্কৃতির নৃত্য উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ছুটে আসেন হাজারও মানুষ। এতে করে মিলনমেলা বসে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে। মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, লেখক-গবেষক আহমেদ সিরাজ, শিক্ষিকা অঞ্জনা সিনহা, গবেষক প্রভাষক দীপঙ্কর শীল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়।

আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশে বসবাসরত সাঁওতালদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব আচার, উৎসব ও সংস্কৃতি। জীবনযাপনে সমস্যা ও শত কষ্টেও তারা উৎসব, আচার-অনুষ্ঠান রীতিনীতি প্রথা সংস্কৃতিগুলোকে ধরে রেখেছেন সাঁওতালরা।
স্থানীয় সাংস্কৃতিককর্মী নির্মল এস পলাশ জানান, দারিদ্রতার চাপে সাঁওতাল সংস্কৃতি ধরে রাখা কষ্টকর। তবুও তারা তা ধরে রাখার চেষ্টা করছেন, এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবগুলোকে। মাদলের বাদ্যি আর সাঁওতাল নৃত্যে নিজেকে খোঁজার আনন্দ সত্যি অনন্য। উৎসবে আনন্দ উল্লাসের জোয়ারে তাই ভেসে যায় সাঁওতালদের কষ্টগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, সোহরাই উৎসব উপলক্ষে বিবাহিতা নারীরা বাবার বাড়ি আসার সুযোগ পান। ফলে সাঁওতাল নারীরা সারাবছর অপেক্ষায় থাকেন উৎসবটির জন্য। তবে, সোহরাই উৎসবের কোনো নির্ধারিত দিন বা তারিখ নেই। পৌষ মাসে, সাঁওতাল গোত্র প্রধানের উপস্থিতিতে উৎসবের একটি দিন নির্ধারণ করে। সেই নির্ধারিত দিন থেকে পরবর্তী সাতদিনব্যাপী চলে এই সোহরাই উৎসব।
প্রতিনিধি/এসএস