images

সারাদেশ

ব্যাংকের ভেতরে মিলল ২ আনসারের মরদেহ 

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৩, ০১:০৬ পিএম

নরসিংদীর রায়পুরায় একটি ব্যাংকের ভিতর থেকে রঞ্জু মিয়া (৩৯) ও তৌহিদ ফকির (২৮) নামে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক শাখার ভিতর থেকে তাদের এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

রঞ্জু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে এবং তৌহিদ ফকির ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে অগ্রণী ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো বুধবার সকালে ব‍্যাংকের পরিচ্ছন্ন কর্মী (আয়া) ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব‍্যাংকের শাখা ব‍্যবস্থাপকে অবগত করলে সকাল ৯টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেন। এসময় ভিতর থেকে কারো কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব‍্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের কেউ আর সজাগ হয়নি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়, এ ঘটনায় ব্যাংকের  কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব‍্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

ওসি আজিজুল ইসলাম জানান, সকালে ব‍্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস‍্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত‍্যূ হয়েছে। তবে তাদের মৃত‍্যূর বিষয়ে অন্যকোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

টিবি