জেলা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১২:০৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে র্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মাহাবুবুর রহমান (৪৭) ও ফুলমিয়া (৫১), নরসিংদী ঘোড়াশাল এলাকার জালাল আবেদীন (৭২), ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর থানার হাছিবুল হাছান (২৪) ও নবীনগর থানার সিফাতুল ইসলাম শাওন (২২)।
র্যাবের উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বিষনন্দি ফেরিঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাঁচ জন পেশাদার মাদক বিক্রেতা। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং বিভিন্ন পরিবহনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।
টিবি