জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১১:০৮ এএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী হাটের চালের আড়তে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট টানা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কালিবাড়ী হাটে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ীহাটের ওই মার্কেটের আল আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসুল্লিরা। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় ফায়ারসার্ভিসের দল। এর মধ্যে মার্কেটের ৮টি দোকান-গোডাউন সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—আল-আমিনের চালের আড়ৎ, রঞ্জুর ওষুধের দোকান-গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, ছামছুলের কাপড়ের দোকান, আব্দুল জব্বার ও আলআমিন নামে অপর একজনের চানাচুর বিস্কুটের গুদাম।
অন্তত ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ মুহূর্তে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/এইচই