images

সারাদেশ

শেরপুরে ইউএনওর সিল-স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণা

জেলা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ এএম

বগুড়ার শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে অনুদান চেয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভুয়া সিল-স্বাক্ষর ব্যবহার করে ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এক সংঘবদ্ধ প্রতারক চক্র।

চার-পাঁচ দিন ধরে এভাবে টাকা আদায় করা হলেও বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি ধরা পড়ে। চক্রটিকে ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগীর অভিযোগ, দুই-তিনজন অপরিচিত লোক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসে। তারা নিজেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দেয়। সেইসঙ্গে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুদান হিসেবে ৫০০ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা দাবি করে। টাকা নিয়ে ভুয়া সিল-স্বাক্ষর সংবলিত রসিদ দেয় তারা।

শহরের ধনাঢ্য ব্যবসায়ী সোলায়মান আলী জানান, সিল-স্বাক্ষর সংবলিত কাগজের রসিদ প্রদর্শন করে তার কাছে ৫ হাজার টাকা চায় প্রতারকরা। তিনি এক হাজার টাকা দিয়েছেন। আব্দুর রাজ্জাক নামের আরেক ব্যবসায়ী জানান, তিনি ৫০০ টাকা দিয়েছেন।

এ প্রসঙ্গে ইউএনও সানজিদা সুলতানা বলেন, বিষয়টি জানার পর প্রচার চালানো হচ্ছে। মহান বিজয় দিবস নিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

টিবি