জেলা প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ০৬:৩৩ পিএম
কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. শাহীন (১৯)। সে টেকনাফের সাবরাং মুন্ডাল ডেইল এলাকার নবী হোসেনের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৫ এর কক্সবাজার সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাহ উদ্দিন বলেন, শনিবার দুপুরে গোপন সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভা বাসটার্মিনাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণে টেকনাফ থেকে কক্সবাজারগামী পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে করে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাব-১৫ এর আভিযানিক দল ওই জায়গায় পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে ওই ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে চালকের সীটের ডান পাশে দরজার স্পিকার বক্সের ভেতর রক্ষিত ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এএ