Dhaka Mail Logo

সারাদেশ

ডাকাতি-হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২২, ১২:২৬ পিএম

নওগাঁর মহাদেবপুরে ডাকাতি ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক শীর্ষ আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫।

গ্রেফতার সন্ত্রাসীর নাম আতাউর রহমান (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাতি, হত্যাসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ আসামি আতাউর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময়

২টি ওয়ান শুটারগান ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা মামলাসহ মাদক, চুরি ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। গ্ৰেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউর রহমান স্বীকার করে যে, সে অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত। সে এলাকায় অপরাধ সংঘঠনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্নগোপনে চলে যেত। আবার কিছুদিনপর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ করত। মহাদেবপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গ্ৰেফতারের বিষয়টি শুনেছি। তবে এখনও তাকে থানায় হস্তান্তর করা হয় নাই। হস্তান্তর করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টিবি