জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম
শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের করার প্রস্তুতিকালে ২৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দড়িকালীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই শ্রীবরদী উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মিছিল বের করার উদ্দেশ্যে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দড়িকালীনগর এলাকায় জড়ো হয়েছিলেন। তাঁদের নেতৃত্বে ছিলেন তুষার। তিনি শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ২৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি নূর মোহাম্মদ।