Dhaka Mail Logo

সারাদেশ

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্বিরাত নাশীদ ও প্রজন্ম সম্মেলন

মো. আবদুল হামিদ

২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান "কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রাসা'র" উদ্যোগে প্রতিষ্ঠানটির একযুগ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্বিরাত নাশীদ ও প্রজন্ম সম্মেলন ২০২৬। 

২৮ নভেম্বর (শনিবার) সকাল ৮ টা থেকে রাত ১ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে কয়েক ধাপে চলে বর্নাঢ্য এই আয়োজন। 

সাইফুল্লাহ আদনানের উপস্থাপনায়, মারকাযুত তাকওয়া মাদ্রাসার প্রিন্সিপাল এইচ এম আবছার উদ্দিনের পরিচালনায় এবং ইসলামীয়া আরাবিয়া মুছাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে সকাল ৮টা থেকে শুরু হয় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ। সেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত পরিবেশন সহ ইসলামী নাটিকা সহ ধর্মীয় নানান প্রদর্শনী উপস্থাপন করা হয়। 

936307324_1155907563589178_7611569335638577262_n

এসময় হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সহ তাঁর বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের চিত্র চমৎকার ভাবে তুলে ধরে মাদ্রাসার শিক্ষার্থীরা। পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়। যা এ আয়োজনে আগত সকল দর্শকদের বিশেষ নজর কেড়েছে।

বিকেলে আসরের নামাজের পর থেকে শুরু হয় অনুষ্ঠানের ২য় পর্ব। সেখানে মাদ্রাসার প্রায় অর্ধশত হাফেজে কোরআন কে সম্মাননা হিসেবে পাগড়ি প্রধান করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে দেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা হামদ, নাত পরিবেশনা এবং আন্তর্জাতিক মানের সেরা ক্বারীদের সুমধুর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত সবার হৃদয় শীতল করে তোলে। 

925395494_2154832542065551_9066315239121959525_n

অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারী হিসেবে এতে অংশ নেন তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী রামাদান জুমা, ইন্দোনেশিয়ার শায়েখ ক্বারী ইমরানুল কারীম এবং বাংলাদেশের ক্বারী আব্বাস উদ্দিন।

দেশীয় নাশিদ পরিবেশন করে সিলেটের শেখ এনাম, চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক নাশীদ শিল্পী আসহাব উদ্দিন আল আজাদ, কলরবের আহমাদ আব্দুল্লাহ, পটুয়াখালীর ক্বারী মুনইম খান, আলমগীর কবির, সানা উল্লাহ সাইমুম, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান। পুরো আয়োজনটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মানজিল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ জামাল মাসরুর।

933146862_1128551876668208_1164792381389615562_n

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী দাওয়াহ সেন্টার ঢাকার পরিচালক মুফতি শামছুদ্দোহা আশরাফী, আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মেসবাহউর রহমান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং শিক্ষাবিদ ও গবেষক মাওলানা মুহাম্মাদ মুদ্দাসির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মুছাপুরের মুহতামিম মাওলানা আবু তাহের।

এছাড়া বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সাংবাদিক এবং বিশিষ্টজনেরা সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কোরআন তিলাওয়াত, নাশিদ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও হাফেজদের সংবর্ধনার মধ্য দিয়ে মাদরাসার ১২ বছরের শিক্ষাযাত্রার অর্জন চমৎকার ভাবে তুলে ধরা হয়। স্বল্প সময়ের মধ্যে মানযিল গ্রুপের চেয়ারম্যান মাওলানা জামাল মাসরুরের দিক নির্দেশনায় এবং শাহরিয়াজ রবিনের পরিচালনায় অনুষ্ঠানটি আরও সুন্দর ভাবে ফুটিয়ে তোলে ড্রীম ইভেন্টস।

আয়োজকেরা জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নৈতিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্মীয় আবহ ও শিক্ষার্থীদের প্রতিভার সমন্বয়ে সম্মেলনটি কোম্পানীগঞ্জের মানুষের কাছে একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। 

935954366_2353082478592056_5494169723888388721_n

মানযিল গ্রুপের চেয়ারম্যান মাওলানা জামাল মাসরুর বলেন, কোরআন ও কোরআনের হাফেজদের মর্যাদা মানুষের কাছে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে কোরআন ও ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে এ আয়োজনের পরিকল্পনা করা হয়। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে মারকাযুত ত্বাকওয়া মাদরাসা ও মানযিল গ্রুপ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

মারকাযুত ত্বাকওয়া মাদরাসার প্রিন্সিপাল এইচ এম আবছার উদ্দিন বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের হাফেজদের যথাযথ সম্মান জানানোই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা চাই, শিশুরা কোরআনের আলোয় আলোকিত হয়ে নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠুক। দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারি ও আলেমদের অংশগ্রহণে এ সম্মেলন নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় আরও অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও মারকাযুত তাকওয়া মাদ্রাসার উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তিনি। পরে সামগ্রিক ভাবে অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন ভাবে যারা সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।