জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
মাদারীপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা, সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠান ও একটি বহুতল ব্যবসায়িক ভবনে ভাঙচুর, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরে এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর শহরের মডেল থানার সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাজাহান খানের পারিবারিক বহুতল ব্যবসায়িক প্রতিষ্ঠান ভবনে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এসময় ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও একই সময় শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার থাই গ্লাস ভাঙচুর ও একাধিক ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।
সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের নিরাপত্তা কর্মী মো. বজলুর শেখ বলেন, কোন কিছু বোঝার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা করে। এসময় তারা ২০টির মতো ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এলএ