জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
জামালপুরের ইসলামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক, চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল এবং রসুল মোল্লার ছেলে সোহেল।
পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলে করে তিনজন ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পলবান্ধা এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক জিয়াউল ও বকুলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে সোহেলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে পড়ে থাকে। তবে পালিয়ে গেছেন চালক ও সহযোগী।
পুলিশ আরও জানায়, নিহত ৩ জন মেলা দেখার জন্য দেওয়ানগঞ্জ যাচ্ছিলেন এবং তারা একে অপরের বন্ধু বলে জানিয়েছেন স্বজনরা।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে দুজন ও জামালপুর নেওয়ার পথে অন্য একজনের মৃত্যু হয়।
প্রতিনিধি/এলএ