Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ভিপি সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারীদের ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অপরাধীদের হাত-পা ভেঙে পুলিশে দেওয়ার কথাও বলেন তিনি। 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মিজান রোডে শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। 

মিছিলটি শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট ও কেন্দ্রীয় বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। 

S

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। 

সমাবেশে জয়নাল আবদিন ভিপি অভিযোগ করেন, দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল ও ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বিভিন্ন জেলায় হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। 

ফেনীতে সাম্প্রতিক বোমাবাজি, নির্বাচন অফিসে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার কথা উল্লেখ করে এসব কর্মকাণ্ড প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জয়নাল আবদিন। 

তিনি বলেন, ‘যাকে যেখানে দেখবেন, ধরে পিটিয়ে সঙ্গে সঙ্গে থানায় সোপর্দ করবেন।’ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মদ্যপ, গুন্ডা, বদমাইশ ও অগ্নিসংযোগকারী-যে পরিচয়েরই হোক, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় সন্ত্রাসীদের হাত-পা ভেঙে পুলিশে দেওয়ার কথাও বলেন তিনি। 

জয়নাল আবদিন বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাস ও নাশকতাকারীদের প্রতিহত করা সম্ভব। কেউ সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

আগামী ১ ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, সেখান থেকে দলের পরবর্তী নির্দেশনা আসবে। নেতাকর্মীদের সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

জাতীয় দিবসগুলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে পালনের আহ্বান জানিয়ে জয়নাল আবদিন বলেন, সন্ত্রাস ও সহিংসতামুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন এবং স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এএইচ