জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
জয়পুরহাটে নানা প্রতিবন্ধকতায় সম্ভাবনাময় পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। একদিকে বাজারমূল্য কম, অন্যদিকে নেই পান বিক্রির স্থানীয় বাজার ব্যবস্থা। এতে যেমন লোকশানে পড়ছেন কৃষকরা, তেমন পার্শ্ববর্তী জেলায় গিয়ে বিক্রি করতে হচ্ছে পান।
এর ফলে বাড়ছে খরচ ও ভোগান্তি। কৃষকরা বলছেন, স্থায়ী বাজার ব্যবস্থা ও পানের দাম না বাড়লে এই চাষ আগামীতে আরও কমবে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চেঁচরা, শালুয়া, ধরঞ্জি, বাগজানাসহ জেলার বিভিন্ন এলাকায় পানের চাষ করেছেন কৃষকরা। সবুজ পাতায় ঢাকা একেকটি পান বরজ। কিন্তু এই সবুজের আড়ালেই যেন কৃষকদের হতাশা।
এই ফসলে ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ বাড়লেও বাজারে নেই কাঙ্ক্ষিত দাম। জেলার মধ্যে কোথাও স্থায়ী বাজার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর উপজেলায় গিয়ে পান বিক্রি করছেন কৃষকরা। এতে বাড়ছে খরচ, সেইসঙ্গে ভোগান্তি।
কৃষকরা জানান- সার, বাঁশ, খড়, সেচ, শ্রমিকসহ এক বিঘা জমিতে বরজ করতে খরচ হয় ১ লাখ টাকার বেশি। বর্তমানে ভালো মানের প্রতিপোয়া পান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৬০০ টাকায়। যা কয়েক বছর আগেও ছিল ২ থেকে ৩ হাজার টাকা। আর ৭০০ টাকার চিকন পান বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। এতে ব্যাপক লোকশানে পড়ছেন কৃষকরা।
পাঁচবিবির চেঁচরা গ্রামের কৃষক মোহারম হোসেন বলেন, ‘পান উৎপাদনে যে খরচ সেই হিসেবে লাভ হচ্ছে না। এক বিঘা জমির পানের বরজ করতে গেলে ১ লাখ টাকা খরচ হয়। বাজারে ভালো দাম থাকলে দুই লাখ টাকার বেশি বিক্রি হয়। কিন্তু বর্তমানে দাম না থাকায় ৬০ থেকে ৭০ হাজার টাকা বিক্রি করছি। জয়পুরহাটে পান বিক্রির নির্ধারিত হাট নেই। এ জন্য দিনাজপুরের হিলিতে গিয়ে পান বিক্রি করতে হচ্ছে।’
একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় তিন বছর থেকে পানের দাম নেই। ভালো মানের পান প্রতিপোয়া বিক্রি হতো ২ থেকে ৩ হাজার টাকা, এখন সেই পান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৬০০ টাকা পর্যন্ত। আর ৭০০ টাকার চিকন পান বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। এতে লাভ তো দূরের কথা, বরজ রাখাই কঠিন হয়ে গেছে।’
মেহেনুর বেগম বলেন, ‘আমার স্বামী পানের বরজ করেছিল। তিনি মারা যাওয়ার পর আমি বরজটি দেখাশোনা করি। এখন পানের দাম কম হওয়ার কারণে আমি চলতে পারছি না। লোকশান গুনতে গুনতে বরজটা সামনে আর রাখতে পারবো না। পানের দাম যদি বাড়ানো হয়, আর সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করে, তাহলে হয়তো বরজ থাকবে।’
শালুয়া গ্রামের আতোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা এই পান চাষে করে গেছে। এখন আমি ২০ বছর ধরে করি। তবে পানের দাম না থাকাতে আমাদের অনেক লোকশান হচ্ছে। পান চাষ করে আমাদের জেলাতে বিক্রির জায়গা নেই। বাধ্য হয়ে আমরা দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুরে নিয়ে পান বিক্রি করি। এতে আমাদের ভোগান্তির পাশাপাশি খরচও বেশি হয়। পাঁচবিবিতে একটি স্থায়ী পানের হাট করলে আমাদের পান বিক্রি করা সহজ হতো।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনজু আলম সরকার বলেন, ‘জয়পুরহাট জেলায় এবার প্রায় ৩০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। এর মধ্যে পাঁচবিবি উপজেলায় সবচেয়ে বেশি। প্রতি হেক্টর জমিতে ৮ মেট্রিক টন পান উৎপাদন হয়। রোগমুক্ত পান চাষে আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা চাষিদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। পাঁচবিবিতে পান বিক্রির একটি হাট করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’
এএইচ