জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ পাঁচ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালের বিভিন্ন বিভাগে ঘুরে দেখেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- দুর্নীতি দমন কমিশন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ইমরান হোসেন ও তারিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সানজিদা আক্তার শিলাসহ আরো দুইজন জুনিয়র কর্মকর্তা।
অনুসন্ধানকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ফার্মেসি, মেডিসিন স্টোর, প্যাথলজি বিভাগের স্টোর এবং চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য পালনকালে হাজিরার অবহেলার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে প্যাথলজি স্টোরে হেপাটাইটিস বি রোগীর শারীরিক অবস্থা নির্ণয়ের জন্য পরীক্ষণের কীট বা রিএজেন্ট ১২৫০ থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৩৯২টি। এছাড়া ৮৫৮ কিটের হিসাব দিতে পারেননি সংশ্লিষ্ট প্যাথলজিস্ট মো. রেজাউল করিম। দুদকের তদন্তে গরমিলের বিষয়টি স্পষ্টতই ধরা পড়ে।
এছাড়া হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক হাসপাতালে আসা-যাওয়ায় হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা থাকলেও সেগুলো কোনোভাবেই তারা মানছেন না। তদন্তকালে এসব বিষয় উঠে আসে।
দুদকের কর্মকর্তারা জানান, হাসপাতাল তত্ত্বাবধায়কের সাথে বৈঠক করে অনিয়মের বিষয়গুলো তারা তুলে ধরেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুতর অনিয়ম হিসেবে অভিযোগগুলো স্বীকার করেন বলে জানান দুদক কর্মকর্তারা।
তারা আরো জানান, এসব দুর্নীতি-অনিয়মের বিষয়ে দুদক কমিশনার বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
প্রতিনিধি/এলএ