জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ভিপি বলেছেন, ‘এলাকায় কোনো মদ্যপ থাকলে তাদের পিটেন, পিটিয়ে মেরে ফেলেন। প্রতিহত করতে না পারলে নাম-ঠিকানা লিখে আমাদের দেন। একেবারে জাহান্নামে পাঠিয়ে দেব। কোনো গুন্ডা ও মদ্যপের ঠিকানা এ অঞ্চলে হবে না।’
রোববার (২৯ নভেম্বর) সকালে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর আমিন উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবদিন বলেন, ‘আমার এলাকার মানুষ যেন শান্তিতে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। এলাকায় কোনো মদ্যপ থাকলে তাদের নামের তালিকা করে থানার ওসিকে দেবেন, একটি কপি আমাকে দেবেন। তাদের জাহান্নামে পাঠিয়ে দেব। সীমান্ত থেকে কিছু লোক মদ ও মাদকদ্রব্য নিয়ে আসে। তাদের প্রতি লক্ষ রাখবেন, নাম লিখে রাখবেন। আপনারা প্রতিহত করতে পারলে ভালো। না পারলে তাদের নাম-ঠিকানা আমাদের দেবেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, কোনো গুন্ডার রাজত্ব বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। দল-মত, জাতি-ধর্মনির্বিশেষে সবার অধিকার সমান। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।
বিদ্যালয়ের নতুন ভবন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এটি আমার নিজের এলাকার বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এখানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষসংকটে ভুগছিল। নতুন ভবন নির্মাণের ফলে সেই সংকট কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে ভবনটি আরও সম্প্রসারণের সুযোগ রেখেই নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ ও দেয়াল সংস্কারসহ বাকি কাজগুলো পর্যায়ক্রমে করা হবে।
নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু এ বিদ্যালয় নয়, নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে রাস্তাঘাট, পুল-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দীপ্ত দাশ গুপ্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।
সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন- জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বেলাল হোসেন (ভিপি বেলাল), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজ আহম্মদ, সংসদ সদস্যের কনিষ্ঠ পুত্র রাশেদ ইকবাল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে স্কুল কর্তৃপক্ষের হাতে নব নির্মিত ভবনের চাবি তুলে দেন এমপিসহ অতিথিবৃন্দ।
প্রতিনিধি/এলএ