জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর সহযোগী ও শুটার ইমরানসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি ফোর্সেস। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ এসব তথ্য জানায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ইমরান (৪০), ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।
এসআরবি-৬-এর দাবি, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ডানহাত। তিনি ‘বি-কোম্পানি’ নামের সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক সরবরাহের অন্যতম হোতা। ইমরানের বিরুদ্ধে খুলনায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস