জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দিনাজপুরে ‘সীমান্ত কেয়ার’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দিনাজপুর সেক্টর মেইন গেটসংলগ্ন এলাকায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত কেয়ারে’র উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত কেয়ারের মাধ্যমে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও সীমান্ত ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ ব্যাংকের প্রচলিত বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। একই স্থানে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের সময়, শ্রম এবং যাতায়াতের ভোগান্তি কমবে।
সীমান্ত ব্যাংকের ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করার পাশাপাশি বিজিবি সদস্যদের কল্যাণ এবং স্থানীয় জনগণের আর্থিক সেবাপ্রাপ্তি সহজতর করতে ‘সীমান্ত কেয়ার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি/এসআই