জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকার ইব্রাহিম সিপাহি এবং মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। জানা গেছে, সকালে আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
অন্যদিকে, নিহত ইব্রাহিম সিপাহি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়াঘাট এলাকার হাফিজউদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় অর্ধশতাধিক মোটরসাইকেল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শিবচরের একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন।
এর আগে সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, পদ্মাসেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ